আইবাস পদ্ধতির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৫ আগস্ট শনিবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পল-াশ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। আইবাস পদ্ধতির মাধ্যমে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ দ্রুত, স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে উদ্যোগটির প্রশংসা করেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেরপুরের কামারেরচরের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁর অনুভূতি জানতে চান। এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষক মোখলেছুর রহমান।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমানের হাতে কল্যাণ সুবিধার অর্থের চেক তুলে দেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উদ্যোগের প্রশংসা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা।