ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া চৌরাস্তা এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনকে কেন্দ্র করে দুটি পক্ষের স্পষ্ট বিপরীতমুখী অবস্থানে চরম উত্তেজনার আবহ তৈরি হয়েছে। মাওলানা আবু তাহেরের এক বার্তার পর স্থানীয় সুন্নি জনতা ও সুশীল সমাজের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ঘাগড়া ফয়জুল উলুম মাদরাসার দায়িত্বশীল ব্যক্তিত্ব মাওলানা আবু তাহের সম্প্রতি প্রকাশ্য এক বক্তব্যে আগামী বছর থেকে ঘাগড়া চৌরাস্তায় কোনো ধরনের ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করতে না দেওয়ার বার্তা দেন। উনার এই বক্তব্যের পরই সুন্নি জনতা ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে চরম অসন্তোষ ছড়ায়।
সুন্নি জনতার স্পষ্ট দাবি, তাদের পূর্বপুরুষদের আমল থেকে আবহমানকাল ধরে ঘাগড়া চৌরাস্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়ে আসছে। এটি তাদের ঈমানি আকিদা ও ভালোবাসার অঙ্গ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সিদ্ধান্তে বা স্বার্থে যুগ যুগ ধরে চলে আসা এই ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করা যাবে না।
দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থানের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল ঊর্ধ্বতন অফিসারবৃন্দের আশু দৃষ্টি ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে সচেতন সুশীল সমাজ। যেকোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বহাল রাখতে সকল প্রশাসনিক দপ্তরকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।