চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ল্যাপটপ ও ৬টি মোবাইল ফোন
মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা
সাভারে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের হেফাজত থেকে একটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে সাভার মডেল থানাধীন যাদুরচর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. হামিদ (৩৬), মো. আলম আলমগীর (২৮), মো. কাউছার (৩২), মো. রুবেল (২৬) এবং রিয়াজ উদ্দিন রানা (২৪)। তারা একটি সংঘবদ্ধ চোর দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
তাদের কাছ থেকে একটি সিলভার রঙের HP ProBook ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান-টি পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেফতার মো. আলম আলমগীরের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে চারটি মামলা রয়েছে। এছাড়া মো. কাউছারের বিরুদ্ধে একই ধরনের দুটি মামলা রয়েছে।
গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।