তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে নিঃস্ব অনীল-সাগরিকা দম্পতির মানবেতর জীবনযাপন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উষাইকোল গ্রামের হতদরিদ্র বৃদ্ধ অনীল চন্দ্র সিংহ (৮০) ও তাঁর স্ত্রী সাগরিকা সিংহ (৭০) মানবেতর জীবনযাপন করছেন। নিঃসন্তান এই দম্পতির জীবনের শেষ বয়সে এখন দারিদ্র্য, অনাহার ও অনিশ্চয়তাই যেন নিত্যসঙ্গী।

স্থানীয় সূত্রে জানা যায়, তিলোক চন্দ্র সিংহের ছেলে অনীল চন্দ্র সিংহ ও তাঁর স্ত্রী সাগরিকা সিংহের দীর্ঘ দাম্পত্য জীবনে আট সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জন্মের মাত্র দুই থেকে চার দিনের মধ্যেই একে একে মারা যায় তাঁদের সব সন্তান। সন্তান হারানোর গভীর শোক বুকে নিয়েই জীবনের শেষপ্রান্তে এসে আজ তাঁরা সম্পূর্ণ নিঃস্ব ও অসহায়।

বয়সের ভারে ন্যুব্জ এই দম্পতির এখন আর কোনো কর্মক্ষমতা নেই। ফলে নিজেদের খাবার জোগাড় করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। অনেক দিনই ঠিকমতো খাবার জোটে না। কখনো অনাহারে, আবার কখনো অর্ধাহারে কাটে তাঁদের দিন।

জীবনের শেষ বয়সে যেখানে একটু স্বস্তি ও নিরাপদ আশ্রয়ে থাকার কথা, সেখানে অনীল ও সাগরিকা দম্পতির দিন কাটছে চরম কষ্টে। প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জোগাড় করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত এই অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ানো প্রয়োজন। তাঁদের নিয়মিত খাদ্য সহায়তার পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি এই অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “এ বিষয়ে আমি জানতে পেরেছি। আমরা খোঁজ নিয়ে তাঁদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বিজ্ঞাপন

মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অনীল-সাগরিকা দম্পতির জীবনে শেষ বয়সে একটু স্বস্তি ফিরবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ