বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাগরাকসা মহল্লায় শেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পল-াশ।
অনুষ্ঠানে শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম সপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পল-াশ বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় শেরপুর জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও মতবিনিময় শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।