মহসিন হোসাইন, চাঁদপুর।।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুঃখিয়া (পশ্চিম) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধা আনোয়ার হোসেন মিয়াজী। তাঁর প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা ও সাড়া পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রবাসে নিজস্ব ব্যবসা পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানান আনোয়ার হোসেন মিয়াজী। গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগে কাজ করে আসছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১২ নম্বর চরদুঃখিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাঁচা রাস্তা সংস্কার, সাঁকো নির্মাণ ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেছেন আনোয়ার হোসেন। এছাড়া অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দেওয়ারও উদ্যোগ নিয়েছেন তিনি।
আনোয়ার হোসেন মিয়াজী বলেন, আমি প্রবাসে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বেশ ভালো আছি। তবে বিদেশে ভালো থাকলেই হবে না, দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে চাই। তাই আগামীতে ১২ নম্বর চরদুঃখিয়া থেকে আমি চেয়ারম্যান নির্বাচন করব। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। তিনি আরও বলেন, আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারব বলে প্রত্যাশা করি।
তাঁর সমর্থকদের দাবি, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আনোয়ার হোসেন মিয়াজী এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চান। এ কারণে তাঁর প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে আনোয়ার হোসেন মিয়াজীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন হুমায়ূন মিয়াজী, মিজান গাজী, সোহেল পাটোয়ারী, জুয়েল মিয়াজী, রফিক শেখ, মফিজ শেখ, আলমগীর মিয়াজী ও আরিফ গাজীসহ আরও অনেকে।