নজরুল ইসলাম, লামা, বান্দরবান প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বান্দরবানের লামায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নজরুল বর্ষ উদ্যাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক মুহাম্মাদ শামছুল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আজীবন সদস্য মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সারেগামাপা একাডেমি, লামার পরিচালক মো. ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে তারা নিজেদের প্রতিভা তুলে ধরে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান-টি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিভা। তাঁর সাহিত্যকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা রয়েছে, তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি নজরুলের আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে তাদের ধারণা আরও সুদৃঢ় হবে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে লামার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্ম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও মানবিক দর্শনের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
নজরুল বর্ষ উপলক্ষে লামায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Desk Editor
২৬ দিন আগে | ০৮:২১ PM