মোঃ মহসিন হোসাইন, চাঁদপুর।।
চাঁদপুর শহরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে চাঁদপুর জেলা পুলিশ।
সোমবার (১৩ জুলাই) চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পুলিশ সুপার শহরের ওয়ারলেস মোড়ে সরাসরি উপস্থিত থেকে ট্রাফিক কার্যক্রম তদারকি ও অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
একই সময়ে শহরের কালিবাড়ি মোড়ে পৃথক ট্রাফিক অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর।
অভিযানকালে ট্রাফিক আইন অমান্যকারী এবং অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় অভিযানে প্রায় দুই শতাধিক অটোরিকশা আটক করেছে পুলিশ প্রশাসন। পরে যাচাই-বাছাই শেষে কাগজপত্র থাকা যে সকল গাড়ি ছিল সেগুলোকে ছেড়ে দেয়া হয়েছে এবং কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়া গাড়ির বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যাবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।
এ সময় টিআই (এডমিন)শহর ও যানবাহন শাখা, প্রবীর কুমার দাশ, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ ট্রাফিক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।