নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প চলছে।
সিলেট থেকে বদরুর রহমান বাবর এর তথ্য চিত্রে বিস্তারিত।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ছাড়া একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। নগরবাসীকে জলাবদ্ধতা, পরিবেশদূষণ ও বর্জ্যজনিত দুর্ভোগ থেকে মুক্তি দিতে সিলেট সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং আখালিয়া নতুনবাজার থেকে ডলিয়া পয়েন্ট পর্যন্ত সড়কের উভয় পাশে আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, এসটিএস নির্মাণের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থা আরও আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর হবে। একই সঙ্গে নতুন ড্রেন নির্মাণের ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শনকালে সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।