বিশেষ প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা থেকে গাজীপুরের আজমতপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কের মাস্টার বাজার সংলগ্ন ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, যাত্রী ও যানবাহন চালকদের। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে থাকায় সমস্যার মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের অভিযোগ, ব্রিজটির নির্মাণকাজ মানসম্মতভাবে সম্পন্ন না হওয়ায় অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে গর্ত ও ক্ষত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো সংস্কার উদ্যোগ দেখা যাচ্ছে না।
রবিবার বিকেলে ইটাখোলা সিএনজি স্ট্যান্ডের নাজমুল হোসেনের নেতৃত্বে কয়েকজন সিএনজি চালক স্বতঃস্ফূর্তভাবে ব্রিজের ওপর জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। তারা জানান, বৃষ্টির পানি জমে থাকার কারণে গর্তগুলোর গভীরতা বোঝা যায় না। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় এবং যানবাহনের চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের মতে, ব্রিজটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এবং পণ্য পরিবহনকারী যানগুলোকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক সময় গর্তে গাড়ি আটকে গিয়ে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।
এলাকাবাসী জানান, এটি শিবপুর ও গাজীপুরগামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ব্রিজটির দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে জরুরি ভিত্তিতে ব্রিজটি মেরামত ও সংস্কারের জন্য তারা সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগসহ দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এছাড়াও স্থানীয় জনগণ শিবপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহীর সুদৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগ প্রত্যাশা করেছেন। তাদের বিশ্বাস, দ্রুত সংস্কার কাজ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।
জনগণের দাবি, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে এবং জনদুর্ভোগ কমাতে মাস্টার বাজার সংলগ্ন এই গুরুত্বপূর্ণ ব্রিজটির দ্রুত সংস্কার এখন সময়ের দাবি।