মনোহরদীতে,সরকারী কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে ধস, পরিক্ষার্থী ৬১১ পাশ করেছে ১৫৪.
মোঃ তাজুল ইসলাম বাদল
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে একদিকে যেমন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, অন্যদিকে বেশ কয়েকটি কলেজের ফলাফলে দেখা দিয়েছে চরম হতাশা। বিশেষ করে মনোহরদী সরকারি কলেজের ফলাফল উপজেলাজুড়ে শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রাপ্ত ফলাফল শিট পর্যালোচনায় দেখা যায়, উপজেলার আটটি কলেজ থেকে মোট ১ হাজার ৭৫২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৮৭৩ জন এবং ফেল করেছে ৮৭৯ জন। সামগ্রিক পাসের হার মাত্র ৪৯ দশমিক ৮৩ শতাংশ।
এবারের ফলাফলে সবচেয়ে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে পাঁচকান্দি কলেজ। প্রতিষ্ঠান-টির ২০২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। পাসের হার শতভাগ। পাশাপাশি ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা উপজেলার মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে সরদার আহমত আলী মহিলা কলেজও প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০০ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
তবে সবচেয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে মনোহরদী সরকারি কলেজে। উপজেলার অন্যতম বৃহৎ এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেছে মাত্র ১৫৪ জন। ফেল করেছে ৪৫৭ জন। পাসের হার মাত্র ২৫ দশমিক ২০ শতাংশ। আশ্চর্যের বিষয়, প্রতিষ্ঠান-টি থেকে এবার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
এদিকে খিদিরপুর কলেজের ফলাফলও প্রত্যাশার তুলনায় হতাশাজনক। ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৮ জন এবং ফেল করেছে ১৫২ জন। পাসের হার ৩৯ দশমিক ২০ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। প্রতিষ্ঠানের দীর্ঘদিনের পরিচিতি ও শিক্ষার মান নিয়ে স্থানীয়দের প্রত্যাশার সঙ্গে এবারের ফলাফল বড় ধরনের অসামঞ্জস্য তৈরি করেছে।
এ ছাড়া বড়চাপা ইউনিয়ন আদর্শ কলেজে পাসের হার ২৭ দশমিক ৪২ শতাংশ, বড়চাপা কলেজে ৫১ দশমিক ৯২ শতাংশ, হাতিরদিয়া রাজিউদ্দিন কলেজে ৪৮ দশমিক ২৮ শতাংশ এবং আফাজ উদ্দিন খান কলেজে ৫৩ দশমিক ৮৫ শতাংশ।
সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাঁচকান্দি কলেজ ও সরদার আহমত আলী মহিলা কলেজের সাফল্য যেমন প্রশংসার দাবি রাখে, তেমনি মনোহরদী সরকারি কলেজ ও খিদিরপুর কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
বিশেষ করে মনোহরদী সরকারি কলেজে ৬১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫৭ জনের অকৃতকার্য হওয়া শুধু একটি প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয় নয়; এটি উপজেলার সামগ্রিক শিক্ষাব্যবস্থা নিয়েও ভাবনার অবকাশ তৈরি করেছে।
শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের দায়িত্বশীলতা, শ্রেণিকক্ষে উপস্থিতি, পাঠদানের মান, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা—সব বিষয়ই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের কাছে এখন প্রশ্ন, যেসব কলেজ ভালো ফলাফল করেছে তাদের সাফল্যের কারণ কী এবং যেসব কলেজে ফলাফল বিপর্যয় ঘটেছে, সেখানে সমস্যার মূল কারণ কোথায়? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়গুলো অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বা অবকাঠামো নয়, শিক্ষার্থীদের প্রকৃত সাফল্যই হওয়া উচিত একটি কলেজের মানদণ্ড।
সরদার আছমত আলী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন বলেন, ❝শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে আমরা শুরু থেকেই শতভাগ উপস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এ লক্ষ্যে কলেজের সকল শিক্ষক ঐক্যবদ্ধভাবে নিয়মিত মনিটরিং করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি তদারকির পাশাপাশি অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করা হয়। শিক্ষকদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের পাঠদানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় সরদার আছমত আলী মহিলা কলেজ বরাবরের মতোই উপজেলায় ভালো ফলাফল অর্জন করে আসছে। মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন,আমাদের কলেজে বিভিন্ন কলেজ থেকে অকৃতকার্য শিক্ষার্থী কিংবা টিসি (ছাড়পত্র) নিয়ে আসা শিক্ষার্থীরা ভর্তি হয়। এ ধরনের শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর প্রায় ৫০ শতাংশ। ফলে তাদের ফলাফলের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। এছাড়া বিগত বছরের ফলাফলের ধারাবাহিকতায় এ বছর কলেজের ফলাফলে কিছুটা অবনতি হয়েছে। গত বছর পাসের হার ছিল ৩৪ শতাংশ, যা এ বছর কমে ২৫ শতাংশে দাঁড়িয়েছে।