পরিচ্ছন্ন ও বাসযোগ্য হায়দরগঞ্জ গড়তে উন্নয়ন ফোরামের পরিচ্ছন্নতা অভিযান
মো: নাজিম হোসেন
রায়পুর উপজেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত উপশহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হায়দরগঞ্জ উপশহর উন্নয়ন ফোরাম। ‘ক্লিন হায়দরগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় বাজারের বিভিন্ন গলি, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।

সকালে কর্মসূচির উদ্বোধনী পর্বে বক্তব্য দেন হায়দরগঞ্জ উপশহর উন্নয়ন ফোরামের সভাপতি মো. কাউছার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন হায়দরগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন, হারুনুর, মোহাম্মদ গাজী, দুলাল হোসেন রাজুসহ সংগঠনের উপদেষ্টা, সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন দৈনিক সময়ের দিনকালের সম্পাদক সাংবাদিক এস এম পারভেজ, সাংবাদিক আমিনুল ইসলাম সিয়াম, দৈনিক অভয়নগরের স্টাফ রিপোর্টার একরাম হোসেন, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে। চর আবাবিল রসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, হায়দারগঞ্জ মডেল কলেজ, জোনাকি কিন্ডারগার্টেন ও আবাবিল ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের কুমিল্লা অঞ্চলের স্কাউট সদস্যরাও এতে অংশ নেন। তাঁরা বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং চলাচলের পথ পরিচ্ছন্ন করতে কাজ করেন।
অভিযান চলাকালে শুধু ময়লা-আবর্জনা অপসারণই নয়, বরং বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। যত্রতত্র ময়লা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ দোকান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে উৎসাহিত করা হয়।

আয়োজকেরা জানান, ‘ক্লিন হায়দরগঞ্জ’ শুধু একটি দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি নয়; এটি একটি দীর্ঘমেয়াদি সামাজিক উদ্যোগ। হায়দরগঞ্জ বাজারকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য উপশহর হিসেবে গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে ব্যবসায়ী, শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, এলাকার উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন নয়। একটি সুন্দর এলাকার পরিচয় বহন করে তার পরিচ্ছন্ন পরিবেশ, জনস্বাস্থ্য, নাগরিক সচেতনতা ও মানুষের দায়িত্ববোধ। তাই নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হায়দরগঞ্জ গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে বাজারের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়বে।
হায়দরগঞ্জ উপশহর উন্নয়ন ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে হায়দরগঞ্জ বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিক উপশহর হিসেবে গড়ে তুলতে প্রশাসন, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত হায়দরগঞ্জ গড়ে উঠবে—এমন প্রত্যাশা আয়োজকদের।