আজ ১ আগস্ট ভাষাবীর এম. এ. ওয়াদুদের ১০১তম জন্মবার্ষিকী। তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র আন্দোলন ও বিভিন্ন গণআন্দোলনের অন্যতম নেতা, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক-এর সাবেক কর্মাধ্যক্ষ মরহুম এম. এ. ওয়াদুদ ১৯২৫ সালের ১ আগস্ট চাঁদপুর জেলার রাড়ীর চর গ্রামে জন্মগ্রহণ করেন।
এম. এ. ওয়াদুদ গণতান্ত্রিক যুবলীগ (১৯৪৮), পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ (১৯৪৮) এবং কেন্দ্রীয় কচিকাঁচার মেলা (১৯৫৬)-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়া তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (১৯৪৯), সাপ্তাহিক ইত্তেফাক (১৯৪৯) ও দৈনিক ইত্তেফাক (১৯৫৩)-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
১৯৫৩-৫৪ সালে তিনি প্রাদেশিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া দুইবার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একবার প্রাদেশিক ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে পালন করেন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।
ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ১৯৪৮ সালে একবার এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত দ্বিতীয়বার কারাবরণ করেন। ১৯৫৪ সালে ৯২(ক) ধারা জারি করে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার পর ছাত্র আন্দোলন স্তব্ধ করার উদ্দেশ্যে তাঁকে পুনরায় কারারুদ্ধ করা হয়। ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তৎকালীন শাসকদের রোষানলে পড়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকতে বাধ্য হন। একই বছর ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুসহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।
১৯৭৮ সালে সামরিক সরকারের সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রিত্ব গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে তাঁকে তিনবার বিভিন্ন মেয়াদে কারাবরণ করতে হয়। সামরিক শাসনামলে তাঁর বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। ১৯৪৭ সালের দেশবিভাগ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৮৩ সালের ২৮ আগস্ট মৃত-্যুর আগ পর্যন্ত তিনি বাঙালির ভাষা, স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তির সকল আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চিকিৎসক, আইনজীবী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. দীপু মনি, এমপি তাঁর একমাত্র কন্যা। আর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ডায়াবেটিক ফুট সার্জারিতে দেশের অন্যতম বিশেষজ্ঞ শল্যচিকিৎসক ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ (টিপু) তাঁর একমাত্র পুত্র।