মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কুন্ডের বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে শুরু হয়েছে ১৫১ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পুরোনো সেতুর পাশেই নির্মিত হচ্ছে নতুন এই সেতু। নির্মাণ শেষ হলে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হবে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় কুন্ডের বাজার সেতুর পাশাপাশি বারুইপাড়া এলাকার একটি ছোট কালভার্টও সংস্কার করা হবে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষের চলাচল আরও নিরাপদ ও সহজ হবে।
সওজ সূত্রে জানা গেছে, নতুন সেতু ও কালভার্ট নির্মাণসহ পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৮ কোটি টাকা।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, নতুন সেতুর নির্মাণকাজ শেষ হলে এলাকার মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত হবে। একই সঙ্গে বহুদিনের ভোগান্তিরও স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।