চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে হা-মলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সাখাওয়াত হোসেন (৩২),পিতা মৃত- মোঃ হাসিম গাজী, নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর শহরের লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করেন। শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ তরপুরচন্ডী এলাকার মো. সাখাওয়াত হোসেন পরিবারের সঙ্গে একই এলাকার মো. রাসেল ইসলাম ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে মো. রাসেল ইসলাম উত্তেজিত হয়ে সাখাওয়াত হোসেন এর পরিবারের সদস্যদের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তেড়ে আসেন। এ সময় বাধা দিতে গেলে সাখাওয়াত হোসেন হা-মলার শিকার হয়ে মাথায় জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে, সাখাওয়াত হোসেনের অভিযোগ, রাসেল এর ভাইসহ তারা দলবল নিয়ে এসে হা-মলা করে এবং তার দোকান ও বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসী জানান, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই বিষয়টি হঠাৎ সংঘ-র্ষে রূপ নেয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায় বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।