পঞ্চগড় : সরকারি প্রতিষ্ঠানে বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ ও চাকুরি স্থায়ীকরণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা।
রোববার (২৬ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পঞ্চগড় জেলা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধনে পঞ্চগড় জেলার স্ব স্ব সরকারী প্রতিষ্ঠানের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির উপদেষ্টা আবদুস সুবাহান, আহ্বায়ক তৌফিক, যুগ্ম আহবায়ক সোহানুর রহমান, সদস্য সচিব উসমানসহ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, তাঁরা মাসে পুরো ৩০ দিন কাজ করা সত্ত্বেও মাত্র ২২ দিনের মজুরি পান। একই সঙ্গে সাধারণ ছুটি কিংবা নারী কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটির কোনো আর্থিক সুযোগ-সুবিধা তাদের দেওয়া হয় না।
বক্তারা আরোও বলেন, সরকারি প্রতিষ্ঠানে দীঘদিনের দক্ষ দৈনিক মজুরি ভিত্তিক ও মাষ্টার রোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের প্রতিবাদে ও দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিত করণ নীতি মালা ২০২৫ বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে অবিলম্বে চাকুরী স্থায়ীকরণের দাবী জানান।
দাবী মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।