চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিদ্যালয়ে ক্রীড়া কমিটি গঠন এবং শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি মা-দক, ব-াল্যবিবাহ এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম জোরদারের আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।