মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার সমষপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শ্রীনগর স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়াগামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
আহতরা হলেন— মো. আতুল গাজী (২৭) ও ইফরাত হোসেন (২৬)। তাদের দুজনেরই বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীনগর স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। লিডার মো. আব্দুস ছবুর তালুকদারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত দুইজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় কোনো প্রা-ণহানির ঘটনা ঘটেনি। তবে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর অজ্ঞাত ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।