সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে ৬০টি গভীর ও সাধারণ টিউবওয়েল বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী এবং দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, শুধু টিউবওয়েল বিতরণেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হয়নি; বরং উপকারভোগীদের সুবিধার্থে প্রতিটি টিউবওয়েল যথাযথভাবে স্থাপনসহ সুদৃশ্য ও টেকসই প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হবে। এতে করে তাড়াশের আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।