সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আদালতের পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সান্দ্রা সরাবাড়ি গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. রিদয় (৩০), বারুহাস পূর্বপাড়া গ্রামের মৃত আকবর কেরানীর ছেলে মো. আব্দুল সামাদ (জতি) (৬০), ঝুরঝরি গ্রামের মো. নুরাল শেখের ছেলে মো. সিহাব হোসেন (২৩), গুরপিপুল গ্রামের মৃত ওহেদ আলীর ছেলে মো. আলামিন হোসেন (২৬), একই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৭), বানিয়াবহ গ্রামের মৃত সরোয়ারের ছেলে মো. সাব্বির আহমেদ (২৭) এবং গুরপিপুল গ্রামের মৃত নবাব আলীর ছেলে মো. কামাল হোসেন (৬০)।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হবে।
তাড়াশ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মো. ইমাম জাফর।