ময়মনসিংহ প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়
ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘ-র্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় যানের একাধিক যাত্রী ও চালক আহত হয়েছেন।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাকান্দা বাজার থেকে আনুমানিক ১ কিলোমিটার দূরে মধুপুর মন্ডল বাড়ি সংলগ্ন এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘ-র্ষ হলে যান দুটির সামনের অংশ মারাত্মক দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পর পরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।ঘটনার পর পর কিছুক্ষণ ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। পরে পুলিশ দুর্ঘটনায় কবলিত যানবাহন দুটি সরিয়ে পথ পরিষ্কার করলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।