মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়নের খালের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
সোমবার (৫ অক্টোবর) বেলা ২টায় তারা নয়নের খাল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, নয়নের খাল কোনোভাবেই অবৈধ দখল হতে দেওয়া হবে না। অতিদ্রুত খালটির খননকাজ শুরু করা হবে। খননকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের জন্য দাতা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
তিনি আরও বলেন, খননের পর নয়নের খালকে টেকসইভাবে দখল ও দূষণমুক্ত রাখা এবং স্বচ্ছ পানির প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এতে খালের পানি বীজতলা ও কৃষিজমিতে সেচকাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।