প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ।
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি।
সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সরকারি মাতামুহুরি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এসময় সরকারি মাতামুহুরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সামশুল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শুধু চারা রোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ কর্মসূচির মাধ্যমে কলেজ ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।