বিএনপি নেতার সঙ্গে ওসির বাগ্বিতণ্ডা পরে থানার প্রধান ফটক ও ট্রাফিক বক্সে ভাঙচুরের অভিযোগ।
মোঃ সোহানুর রহমান।
ময়মনসিংহের মুক্তাগাছা থানায় বিএনপির এক নেতার সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে থানার প্রধান ফটক ও পাশের ট্রাফিক বক্সে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
রোববার, ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী ওরফে টুটুল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে প্রবেশ করতে চান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সময় ওসি ও কর্মকর্তারা জরুরি বৈঠকে থাকায় তাকে অপেক্ষা করতে বলা হয়। এ নিয়ে প্রথমে এক পুলিশ সদস্যের সঙ্গে এবং পরে ওসির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, পরে কয়েকজন বিএনপি ও যুবদল কর্মী আরিফ রব্বানীকে বুঝিয়ে থানার বাইরে নিয়ে যান।
পুলিশের দাবি, রাত ১০টার আগে বেশ কিছু লোক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে থানার দিকে আসে। এরপর থানার প্রধান ফটক ও পাশের ট্রাফিক বক্সে ভাঙচুর করা হয়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে, বিএনপি নেতা আরিফ রব্বানীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম জানান, আরিফ থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন বলে তিনি শুনেছেন। তবে ভাঙচুরের ঘটনা তিনি নিজে দেখেননি।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. রুকুনোজ্জামান রোকন বলেন, থানায় হা-মলার ঘটনা হয়ে থাকলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।