মনোহরদীতে,প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রিতা বরদাস্ত করা হবে না – স্বাস্থ্য মন্ত্রী।
মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী নরসিংদী প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দূর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রিতা বরদাস্ত করা হবে না। জনগণের ট্যাক্স, শ্রম ও প্রবাসীদের রক-্ত পানি করা শ্রমের টাকা দিয়ে আমরা সুন্দর ভাবে বসবাস করি। তাদেরকে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা থেকে মুক্ত করতে হবে। কোন ক্রমে কোন অবহেলা বরদাস্ত করা হবে না। আমরা জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে চাই। মঙ্গলবার রাতে নরসিংদীর মনোহরদী হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাবাড়ি পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের জন্য স্বাস্থ্য সেবা দোরগোড়ায় নিয়ে যেতে আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্য সেবার আমুল পরিবর্তন করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য সেবার নতুন ভবন করে এমবিএস ডাক্তার দিয়ে পরিচালনা করা হবে। গ্রামের মা বোনদের স্বাস্থ্য সেবায় সজাগ করতে আমরা কাজ করছি। তাদের জন্য স্বাস্থ্য সেবা সহজতর করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, অসাম্প্রদায়িক চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটেছে এবারের পূজার আনন্দ উৎসব ও মনমানসিকতায়। স্বাধীনতার পর এবারই সর্বোচ্চ পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম আমাদের সরকার সর্বোচ্চ অনুদান প্রদান করেছে। পাশাপাশি পূজার উপহার শাড়ি প্রদান করা হয়েছে। আর পূজা নির্বিঘ্নে পালনে সারাদেশকে নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর যোগ্যতা অর্জনের সকল পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত রয়েছি।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী বাজার বণিক সমিতির সভাপতি কামরুজ্জামান বকুল, পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন, মনোহরদী হিন্দু পাড়া সার্বজনীন দূর্গা বাড়ি মন্দিরের সভাপতি শ্যামল রায়, সাধারণ সম্পাদক সুমন বর্মণ সহ প্রমুখ।
পরে স্বাস্থ্য মন্ত্রী মনোহরদী পৌরসভার ৫টি পূজা মন্ডপে অনুদান প্রদান করেন। পরে পূজার উপহার শাড়ি বিতরণ করা হয়।