মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় নগরজুড়ে অপরাধবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন কৌশলগত পয়েন্টে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৯ জন সংঘবদ্ধ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা সুসংহত করতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হকের যৌথ নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস টিম এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সংযোগ সড়কগুলোতে একযোগে এ অভিযান চালানো হয়।
- অভিযানের বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হক জানান, “গ্রেপ্তারকৃত চিহ্নিত ছিনতাইকারীরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন পয়েন্টে পথচারী ও যাত্রীদের জিম্মি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপরাধ দমনে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।