মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দূর-দূরান্ত থেকে আসা সরল-সোজা রোগীদের জিম্মি ও প্রতারণা করার অভিযোগে আজ (১৬ জুলাই) দুপুরে আকস্মিক অভিযান চালিয়েছে র্যাব-১৪। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক নারীসহ চক্রের ১৪ সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অপরাধের মাত্রা বিবেচনা করে পরবর্তীতে তাদের প্রত্যেককে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও চড়া জরিমানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগার থেকে ফিরেই একই অপরাধ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধৃতদের বড় অংশই পেশাদার অপরাধী, যারা ইতিপূর্বেও একাধিকবার দীর্ঘ সাজা ও জরিমানা ভোগ করেছে। তবে আইনের ফাঁকফোকর গলিয়ে কারাগার থেকে বের হয়েই তারা আবার এই দালালি সিন্ডিকেটে জড়িয়ে পড়ে। সরকারি সেবা থেকে বঞ্চিত করে রোগীদের বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নেওয়া এবং অপ্রয়োজনীয় টেস্টের নামে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের কাজ।
নিয়মিত অভিযানের দাবি ও প্রশাসনের হুঁশিয়ারি
বারবার সাজা পেয়েও দালালি বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা এখন মমেক হাসপাতাল চত্বরে প্রতি সপ্তাহে অন্তত একবার এমন অভিযান চালানোর জোর দাবি জানিয়েছেন।
অভিযান শেষে র্যাব-১৪ নিশ্চিত করেছে, সাধারণ মানুষের নির্বিঘ্ন চিকিৎসাসেবা বজায় রাখতে এবং হাসপাতালকে স্থায়ীভাবে দালালমুক্ত করতে এই ধরণের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।