মুন্সিগঞ্জ প্রতিনিধি
আজ ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ২০২৬ পরীক্ষায় জেলায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানগণ।
মতবিনিময়কালে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; এটি জেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার অগ্রগতির প্রতিফলন। শিক্ষার এই সাফল্যকে আরও এগিয়ে নিতে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি তুলনামূলকভাবে পিছিয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে ভালো ফলাফলকারী প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ও অভিনন্দন দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের পেছনে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করা হয়।