মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের কার্তুজসহ দুলাল গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর থানার একটি দল উপজেলার হোগলাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার হোগলাকান্দি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়িতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দুলাল গাজীকে আটক করা হয়। পরে তাঁর বিছানার তোষকের নিচ থেকে পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুলাল গাজী হোগলাকান্দি গ্রামের আওলাদ গাজীর ছেলে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।