তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে শুরু হলো আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ ও পরিশোধন হবে হাসপাতালের বর্জ্য

Liton mahmud ২ দিন আগে | ০৮:১৮ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে মুন্সীগঞ্জে শুরু হয়েছে আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম।

৪ঠা অক্টোবর রোববার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ শহরের বাগমাহমুদালীপাড়ায় সততা ক্লিনিকের সামনে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. সাজেদা বেগম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য যত্রতত্র ফেলার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যঝুঁকির মধ্যে ছিলেন। নতুন এ কার্যক্রমের মাধ্যমে জেলার সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। পরে এসব বর্জ্য নির্দিষ্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রক্রিয়াজাত ও ধ্বংস করা হবে।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার ছাড়া প্রতিদিন নির্ধারিত ট্রাক জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল বর্জ্য সংগ্রহ করবে। এর ফলে সংক্রামক রোগের ঝুঁকি কমার পাশাপাশি পরিবেশ দূষণও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মেডিকেল বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ ও ব্যবস্থাপনার আওতায় আনা হবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে মেডিকেল বর্জ্য আলাদা করে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের প্রতিনিধি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব নাজমা নাহার, পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, মুন্সীগঞ্জের সভাপতি মো. আয়নাল হক স্বপন, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ক্যাপ্টেন রকিব উদ্দিন (অব.)।

এ ছাড়া অনুষ্ঠানে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, সদর উপজেলার আহ্বায়ক সুমন লাল, সততা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. আহসান উল্লাহ, দি হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসাইনসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় চিকিৎসক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি সংশ্লিষ্ট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষকে আইন মেনে মেডিকেল বর্জ্য পৃথকীকরণ ও যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ