মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আব্দুল হাই গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) তার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগ, ব্রেইন স্ট্রোকসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন আব্দুল হাই। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন এবং নিজ বাসভবনেই চিকিৎসা নিচ্ছিলেন।
সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল হাই মুন্সীগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি মুন্সীগঞ্জ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এছাড়া তিনি সাবেক উপমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সর্বাধিকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিন ও বড় ছেলে ইফতেখারুল আলম রিপন তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবীণ এই রাজনীতিবিদের দ্রুত সুস্থতা কামনা করে মুন্সীগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।