মিনার আলম আকাশ, রাজশাহী :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে। সদস্য হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম সাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম এবং প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান।
সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও অন্যান্য সূত্রে জানা গেছে, দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করছেন। ওই তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের নামও রয়েছে বলে দাবি করা হয়েছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই এবং বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কি না, তা অনুসন্ধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক ‘টেলিগ্রাম’-এর একটি গোপন গ্রুপের মাধ্যমে যোগাযোগ রাখছেন। ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামে ওই গ্রুপটির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।