লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ
শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
মঙ্গলবার (২০ অক্টোবর) পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিরাজদিখান উপজেলায় তিনি সেনবাড়ী সর্বজনীন দুর্গা মন্দির, ইছাপুরা সর্বজনীন দুর্গা মন্দির, ভাটিমভোগের মণ্ডল বাড়ী দুর্গা মন্দির এবং শেখরনগর স্থায়ী কালী মন্দির পরিদর্শন করেন। অন্যদিকে, শ্রীনগর উপজেলায় হাসাড়া পালের বাড়ি রক্ষাকালী মন্দির ও শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু রয়েছে। কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কন্ট্রোল রুম অথবা পুলিশের কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করাই প্রশাসনের মূল লক্ষ্য। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।