মহসিন হোসাইন, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরের সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুর-এর উদ্যোগে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল ম্যাচ বড় পর্দা (এলইডি স্ক্রিন)-এ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আজ (দিবাগত রাত) রাত ১টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
এ উপলক্ষে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ জেলার সকল ফুটবলপ্রেমীকে মাঠে এসে একসঙ্গে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রশান্তি দেয়। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। পাশাপাশি বর্তমান প্রজন্মের যুবকদের মা-দক, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন,খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই সকল বয়সের ফুটবলপ্রেমীদের পরিবার-পরিজন নিয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই ফাইনাল ম্যাচকে ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ক্লিন চাঁদপুরের এই আয়োজনের মাধ্যমে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চাঁদপুরেও উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ উপভোগের সুযোগ তৈরি হয়েছে।
এরইমধ্যে ক্লিন চাঁদপুরের সদস্যগণ তাদের একান্ত প্রচেষ্টায় কলেজ মাঠে খেলা দেখার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা যায়।