মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকার বিভিন্ন ফার্মেসিতে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মেসার্স আদর্শ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে বলে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ফার্মেসির মালিক ইমরান হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা প্রদর্শন না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে ভোক্তারা নিরাপদ ও মানসম্মত পণ্য ও ওষুধ পেতে পারেন।