ফরিদগঞ্জ রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়(উবি) পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা শিক্ষা অফিসার শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করা এবং মা-দক, ব-াল্যবিবাহ ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে সচেতনতামূলক কাউন্সেলিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, পাঠদানের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি অব্যাহত রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।