ডেস্ক রিপোর্ট:
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) দেশের ১৭৭টি গণমাধ্যমে মোট ৬৮১টি ভুল তথ্য বা ভুয়া সংবাদ প্রচারিত হয়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’-এর সাম্প্রতিক এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, মোট ১৪৬টি পৃথক ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মূলধারার গণমাধ্যমে এসব ভুল সংবাদ প্রকাশিত হয়।
রিউমর স্ক্যানারের এই তালিকায় সবচেয়ে বেশি ভুল সংবাদ পরিবেশন করে শীর্ষস্থানে রয়েছে দৈনিক ইনকিলাব। সংবাদমাধ্যমটি গত ছয় মাসে সর্বোচ্চ ২১টি ভুল তথ্য প্রকাশ করেছে।
ভুল সংবাদ পরিবেশনে এগিয়ে থাকা শীর্ষ গণমাধ্যমগুলোর তালিকা:
১ম স্থান: দৈনিক ইনকিলাব (২১টি ভুল তথ্য)
২য় স্থান: দৈনিক ইত্তেফাক (১৯টি ভুল তথ্য)
৩য় স্থান: দৈনিক যুগান্তর ও বিডি২৪রিপোর্ট (যৌথভাবে ১৪টি করে ভুল সংবাদ)
৪র্থ স্থান: বাংলাদেশ টাইমস (১৩টি ভুল সংবাদ)
৫ম স্থান: কালবেলা (১২টি ভুল সংবাদ)
৬ষ্ঠ স্থান: রূপালী বাংলাদেশ (১১টি ভুল সংবাদ)
৭ম স্থান: বৈশাখী টিভি ও বার্তা বাজার (প্রতিটি ১০টি করে ভুল সংবাদ)
৮ম স্থান: যমুনা টিভি, একাত্তর টিভি, ডিবিসি নিউজ, মানবকণ্ঠ এবং সময়ের আলো (প্রতিটি ৯টি করে ভুল সংবাদ)
৯ম স্থান: সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন, এনপিবি নিউজ ও বিডি টুডে (প্রতিটি ৮টি করে ভুল তথ্য)
এছাড়াও চ্যানেল ২৪, আজকের পত্রিকা, দ্য ডেইলি সান, খবরের কাগজ এবং বিভিন্ন অনলাইন পোর্টালসহ দেশের অনেক প্রথম সারির গণমাধ্যমেও একাধিক ভুল সংবাদ শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।