মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মুসলিম রেস্তোরাঁ এন্ড কাচ্চি কাবাব রেস্টুরেন্টে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থা রাখা হয়নি।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।