জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত-্যায় জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) নগরীর টাউন হল মোড়স্থ জুলাই চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম। অনুষ্ঠান-টি সঞ্চালনা করেন অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, যিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের সেক্রেটারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি ময়মনসিংহ জেলার আহবায়ক এডভোকেট এটিএম মাহাবুব উল আলম, ছাত্রশিবির ময়মনসিংহ মহানগরের সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুঈন খান, জাতীয় যুবশক্তি (এনসিপি) ময়মনসিংহ জেলার আহবায়ক ফয়সাল ফারনিম এবং জেলা ছাত্রশক্তির আহবায়ক মো. আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগরের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম এবং যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত-্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে হেলমেট বাহিনীর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে, অন্যথায় এর পরিণতি ভালো হবে না। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, তীব্র গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তারা বলেন, জনগণের মৌলিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।