জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ।
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও লিচুতলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর দুপুর ১টায় উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন মো. মহিউদ্দিন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
এ সময় মো. মহিউদ্দিন বলেন, ❝জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
দিনব্যাপী কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।