এসএসসি ফল দেখতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী মুগ্ধ, দিশেহারা পরিবার।
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার বাসা থেকে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে বের হয়ে নিখোঁজ হয়েছে প্রাচুর্য দাশ মুগ্ধ নামে এক পরীক্ষার্থী।
গতকাল সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে ফলাফলের খোঁজে বাসা থেকে বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত সে আর বাড়ি ফেরেনি। একমাত্র সন্তানকে হারিয়ে চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে ফল জানার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মুগ্ধ। তবে সময় গড়িয়ে গেলেও সে ঘরে না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছেন মুগ্ধের মা-বাবা।
সন্তানের প্রতি আকুল আকুতি জানিয়ে মুগ্ধের মা-বাবা বলেন, ❝পরীক্ষার রেজাল্ট যাই হোক না কেন, সন্তানের চেয়ে তা বড় হতে পারে না। মুগ্ধ, তুমি যেখানেই থাকো, দয়া করে দ্রুত বাসায় ফিরে এসো। তোমার মা-বাবা তোমাকে ছাড়া একদম ভেঙে পড়েছেন।
কোনো সহৃদয় ব্যক্তি যদি প্রাচুর্য দাশ মুগ্ধের কোনো সন্ধান পেয়ে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিচের যোগাযোগের নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগের নম্বর: ০১৮১২৩৭৭৬২৯