চাঁদপুরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ১৮ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন নিম্নমানের শি-শু খাদ্য বিক্রির অপরাধে নিউ ইমরান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও ‘ডা.’ পদবি ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে জানকি মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের অপরাধে ওলি উল্লাহ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠান তিন-টিকে এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা।
অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।