তাজা খবর
বিজ্ঞাপন

সুনামগঞ্জে সড়কের ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Desk Editor ২১ দিন আগে | ০১:৫২ PM

সুনামগঞ্জে সড়কের ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 

সেলিম মাহবুব,ছাতকঃ

 

বিজ্ঞাপন

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশে প্রায় ৪ হাজার ৫০০ গাছ কাটার প্রতিবাদে এবং গাছ কাটার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’।

 

সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলা কমিটির সদস্য মোফাজ্জল হাসানসহ স্থানীয় সামাজিক বনায়নের সভাপতি, সাধারণ সম্পাদক, নারী সদস্য ও পরিবেশ সচেতন সাধারণ জনগণ।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে বর্তমানে সম্প্রসারণ বা উন্নয়নমূলক কোনো কাজ নেই।

 

অথচ উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে বন বিভাগ ইতোমধ্যে এক হাজারের বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ কেটে ফেলেছে। সওজের বক্তব্যের সঙ্গে বন বিভাগের কর্মকাণ্ডের এই বৈপরীত্য নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, প্রকৃত কারণ খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

 

বক্তারা আরও অভিযোগ করেন, গাছ কাটার নেপথ্যে বন বিভাগের অসাধু চক্র ও সংশ্লিষ্ট সিন্ডিকেট নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা দ্রুত গাছ কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

বিজ্ঞাপন

সমাবেশ থেকে দাবিগুলোর মধ্যে রয়েছে-সুনামগঞ্জ- সাচনাবাজার সড়কে গাছ কাটার চলমান কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, সামাজিক বনায়নের সুবিধাভোগীদের প্রাপ্য লভ্যাংশ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া এবং গাছ কাটার সঙ্গে বন বিভাগ, সুবিধাভোগী জনগোষ্ঠী, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহলের কেউ জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

 

এ ছাড়া অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনা ও বৃক্ষনিধনের সঙ্গে জড়িত বন বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেলা প্রশাসকের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সমাবেশ থেকে ইতোমধ্যে কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ হিসেবে ওই সড়কের পাশে নতুন করে দ্বিগুণ সামাজিক বনায়ন করার দাবি জানানো হয়।

 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে হাওর এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ