লিটন মাহমুদ মুন্সিগঞ্জ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সামাজিক সংগঠন সবুজ কুড়ি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার রংমেহের বিক্রমপুর-টঙ্গিবাড়ী ডিগ্রি কলেজসংলগ্ন টঙ্গীবাড়ী প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কলেজ মাঠসহ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
সবুজ কুড়ি বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান সুজনের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুম হাসান আফিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সবুজ কুড়ি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুব ও শি-শু বিষয়ক সম্পাদক অনিক শেখ, সংগঠনের সহসভাপতি মো. জসিম শেখ, সাংবাদিক সুমন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তাঁরা বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।