বাকৃবি প্রতিনিধি,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অফিসার পরিষদের ২০২৬-২৭ নির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারটি পদে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গেস্টহাউস সংলগ্ন ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন জানান, নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ও কোষাধ্যক্ষ এই চারটি পদে ভোটগ্রহণ হয়।সমিতির মোট ৩৯৫ জন ভোটারের মধ্যে ৩৭৪ জন উপস্থিত ছিলেন। ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে ছয়জন, সহসভাপতি পদে দুইজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে সভাপতি পদে ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ ২৭৫ ভোট, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শাহাদাত হোসেন ৯৭ ভোট, সহসভাপতি পদে মোঃ আব্দুল মান্নান ২২৫ ভোট এবং কোষাধ্যক্ষ হোছাইন আহমেদ ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়া যুগ্ম-সম্পাদক পদে জনাব মোহাম্মদ আশরাফ উজ্জামান, দফতর ও প্রচার সম্পাদক পদে জনাব মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জনাব মোহাম্মদ আলমগীর জলিল, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে জনাব মোঃ আব্দুর রহিম, মহিলা সম্পাদক পদে জনাব ফারজানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ সাখাওয়াত হোসেন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব হাবিব মোহাম্মদ সাইফুর রহমান, জনাব মোঃ সিরাজুল ইসলাম, জনাব মোঃ আবদুর রাজ্জাক, জনাব মোঃ জিল্লুর রহমান।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন, ‘নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ভোটাররা খুবই উৎফুল্ল হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ী করেছেন। প্রশাসনও আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশে নির্বাচন-টি সম্পন্ন হয়েছে।’