চলনবিলে সৌন্দর্য ছড়িয়ে ফুটেছে পদ্মফুল।
সিরাজগঞ্জের তাড়াশ থেকে সাব্বর
মির্জা :
চোখজুড়ানো সৌন্দর্যের হাতছানি। বিলের পানির ওপর সারি সারি পদ্মফুল। কোথাও ফুটে আছে গোলাপি পদ্ম, আবার কোথাও কুঁড়ি মেলে জানান দিচ্ছে নতুন ফুল ফোটার অপেক্ষার কথা।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শাকুয়াদীঘি এলাকার বাঘমারা বিলজুড়ে এখন এমনই অপরূপ দৃশ্য।
ভাদ্রের শুরুতেই কলি থেকে ফুল হয়ে ফুটতে শুরু করেছে পদ্ম। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ফুলের সংখ্যা। বিস্তীর্ণ বিলের পানিতে শত শত পদ্ম যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক নয়নাভিরাম ছবি।
প্রকৃতির এই সৌন্দর্য দুই চোখ ভরে দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা। কেউ নৌকায় চড়ে উপভোগ করছেন পদ্মের সৌন্দর্য, আবার কেউ ক্যামেরাবন্দি করছেন মনোমুগ্ধকর মুহূর্ত।
স্থানীয়দের ভাষ্য, ভাদ্রের শুরুতে যে পদ্ম ফুটতে শুরু করেছে, তার ধারাবাহিকতা এখনো চলমান। দিন যত যাচ্ছে, বিলের সৌন্দর্য ততই বাড়ছে। শীতের আগমন পর্যন্ত পদ্মফুলের এমন স্বমহিমায় আত্মপ্রকাশ অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয়রা।
প্রকৃতির অপার সৌন্দর্যে সাজানো এই পদ্মবিল শুধু স্থানীয়দের নয়, আকৃষ্ট করছে বিভিন্ন এলাকার দর্শনার্থীদেরও। পরিকল্পিতভাবে সংরক্ষণ ও প্রচার করা গেলে বাঘমারা বিল হয়ে উঠতে পারে চলনবিলের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট।