দীর্ঘ ২২ বছরের কর্মজীবনের স্মৃতিবিজড়িত চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে বদলিজনিত কারণে বিদায় নিলেন আইটি সাপোর্ট বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শরীফুর রহমান। সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারকের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ শরীফুর রহমান ২০০৩ সালে চাকরিজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৫ সালের ১৮ মে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কম্পিউটার বিভাগের যোগদান করেন। পরে তিনি একই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে একাধারে প্রায় ২২ বছর একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কর্মজীবনে কয়েকবার অন্যত্র যাওয়ার ইচ্ছা থাকলেও দেশব্যাপী টেকনিক্যাল কলেজে শিক্ষক সংকক, আইটি শিক্ষক স্বল্পতাসহ সরকারি নানান কারণে তা সম্ভব হয়নি। অবশেষে বদলির আদেশে দীর্ঘদিনের কর্মস্থল চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে বিদায় জানালেন তিনি। আগামী রোববার কুমিল্লার মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে তার।
বিদায়ী বক্তব্যে মোহাম্মদ শরীফুর রহমান আবেগাপ্লুত হয়ে বলেন, আমার সুদীর্ঘ ক্যারিয়ারে আমি অসংখ্য শিক্ষার্থীকে হাতে-কলমে শেখানোর সুযোগ পেয়েছি। তাদের অনেকেই আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বড় বড় প্রতিষ্ঠানে আইটি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সেবা দিচ্ছেন।
তিনি বলেন, আমার একটাই পরিচয়—আমি একজন শিক্ষক। এ কথা বলার সময় আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি তোমাদের শেখানোর চেষ্টা করেছি, মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি। জীবনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ ও লেখাপড়ার প্রতি আগ্রহ তৈরি করার চেষ্টা করেছি। সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি।
দীর্ঘ চাকরিজীবনে নিজের কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি আশা করি, আমার সকল শিক্ষার্থী ও সহকর্মীরা আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকি জীবনেও যেখানেই থাকি, পরবর্তী কর্মস্থলে আমার জন্য দোয়া করবেন।
চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইটি বিভাগের বিভাগীয় প্রধান বিদায়ী শিক্ষক মোহাম্মদ শরীফুর রহমান, এপারেল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এনায়েত রাব্বি মোঃ ইয়াছিন, ননটেক বিভাগের বিভাগীয় প্রধান ইকব-াল হোসেন, ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফারুক হোসেন সরকার, আইটি সাপোর্ট বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ কাউছার হোসেন, অটোমোবাইল বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর মুশফিক মোজাম্মেল হায়দার, কলেজের কম্পিউটার বিভাগের সাবেক শিক্ষার্থী ও ডাসাদি ডিএসআইএস কামিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ নূরুল আমিন, সাবেক শিক্ষার্থী মহসিন হোসাইন ও সাবেক শিক্ষার্থী হালিমা আক্তার প্রমূখ।
অনুষ্ঠান-টি সঞ্চালনা করেন আইটি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ দেলোয়ার হোসেন। এ সময় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে আইটি সাপোর্ট ও বেসিক বিভাগ থেকে মোহাম্মদ শরীফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষকের বিদায়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ বলেন, শরীফ স্যার একজন নম্র, ভদ্র ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পারিবারিকভাবেও তার পরিবারের সবাই উচ্চশিক্ষিত। তিনি যেখানেই থাকেন, ভালো থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি এই কলেজে চাকরি করেছেন। তার কর্মজীবনে কারও সঙ্গে মনের অজান্তে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
দীর্ঘ ২২ বছরের কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলের পথে পা বাড়ানো মোহাম্মদ শরীফুর রহমানের বিদায় যেন শুধু একজন শিক্ষকের বদলি নয়, বরং অসংখ্য শিক্ষার্থী ও সহকর্মীর সঙ্গে গড়ে ওঠা দীর্ঘ সম্পর্কের এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি।