শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
মোঃ দিলুয়ার হোসেন
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে দলটির সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নির্ধারিত সময় অনুযায়ী বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলাল, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনাইদ আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। এ সময় তাঁরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের এই সংকটময় মুহূর্তে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ থাকার জোরালো আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সব সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা উচিত। পাশাপাশি জনগণের সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে শাল্লা উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।