মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়াই বছরের নাতিকে আছাড় দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে দাদি মুক্তা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের কাননিসার এলাকায় তোফায়েল খানের বাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে নাতি নাফিন খান ওরফে রাইয়ানকে (আড়াই বছর) আছাড় দিয়ে ফেলে দেন মুক্তা বেগম।
ঘটনার ভিডিও গত ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে শি-শুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। আহত শি-শুটি প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে রয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে দেউলভোগ এলাকা থেকে মুক্তা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুক্তা বেগম কাননিসার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তোফায়েল খানের স্ত্রী। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।