লক্ষ্মীপুরে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ বন্ধ, বেকার প্রায় দুই হাজার শ্রমিক!
মো: নাজিম হোসেন
রায়পুর উপজেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া এলাকায় অবস্থিত স্বনামধন্য পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ হঠাৎ বন্ধ হয়ে গেছে। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় এতে কর্মরত প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। আচমকা এই সিদ্ধান্তে শ্রমিকদের পরিবারে নেমে এসেছে চরম হতাশা ও অনিশ্চয়তা।
স্থানীয় সূত্র ও কারখানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাখালিয়ার এই কারখানাটিতে সফলতার সঙ্গে জুতো তৈরি ও বাজা-রজাতকরণ করা হচ্ছিল। এতে স্থানীয় বিপুল সংখ্যক নারী ও পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল। কিন্তু সম্প্রতি কাঁচামালের সংকট, আর্থিক টানাফোড়েন ও প্রশাসনিক জটিলতার অজুহাতে কর্তৃপক্ষ কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত ঘোষণা করে নোটিশ ঝুলিয়ে দেয়।
হতাশ শ্রমিকরা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ায় তাঁরা চরম বিপাকে পড়েছেন। অনেকের মাসের বেতন ও বকেয়া পাওনা এখনো পরিশোধ করা হয়নি। কাজ হারিয়ে এখন সংসার চালানো এবং পরিবারের ভরণপোষণ করা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেসব নারী শ্রমিক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তাঁরা এখন অন্ধকার দেখছেন।
কারখানার কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বছরের পর বছর ধরে এখানে শ্রম দিয়ে আসছি। হঠাৎ করে কোনো আলোচনা ছাড়া কারখানা বন্ধ করে দেওয়ায় আমাদের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেল। আমরা দ্রুত কারখানাটি চালু করা এবং আমাদের সমস্ত পাওনা পরিশোধের দাবি জানাচ্ছি।”
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা চালানো হচ্ছে, যাতে শ্রমিকরা তাঁদের ন্যায্য পাওনা দ্রুত পান এবং কারখানাটির অচলাবস্থা নিরসন হয়।
এদিকে কারখানাটি দ্রুত পুনরায় চালু করার দাবিতে এবং বকেয়া বেতনের আশায় শ্রমিকরা রাখালিয়া এলাকায় মানববন্ধনসহ নানা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।